Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন: বালাগঞ্জে ২ কোটি টাকার ড্রেন নির্মাণকাজ বন্ধ, তদন্তে ৩ সদস্যের কমিটি

২২ জুলাই ২০২৬ • ১২:০২ অপরাহ্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের কুশিয়ারা নদীর তীরঘেঁষা বাজার এলাকায় ২ কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রায় ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাইয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন, এলজিইডির কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী নির্মাণাধীন ড্রেন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দৃশ্যমান বিভিন্ন ত্রুটি ও অনিয়মের কারণে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।


বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী আজমীর শরীফুল ইসলাম জানান, ড্রেন নির্মাণকাজে বিভিন্ন ধরনের ত্রুটি-বিচ্যুতি ও অনিয়ম চোখে পড়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিষয়টি তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ বলেন, নির্মাণকাজে বেশ কিছু ত্রুটি ও অনিয়ম পাওয়া গেছে। তাই আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বের ত্রুটিপূর্ণ অংশগুলো সংশোধন করে নতুন করে লে-আউট (নকশা) প্রস্তুত করার পরই পুনরায় কাজ শুরু করা হবে।


এদিকে, নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান নূর আলী ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোস্তাক আহমদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


উল্লেখ্য, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারি প্রাক্কলন অগ্রাহ্য করে নির্ধারিত পরিমাণের তুলনায় কম রড ব্যবহার, মাটিযুক্ত বালু-পাথর দিয়ে নির্মাণ, বৃষ্টির মধ্যে কাদা-মাটির ওপর ঢালাই এবং ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাইয়ের মতো গুরুতর অনিয়ম করেছে। এসব অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পরই প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে তদন্তের উদ্যোগ নেয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com