জৈন্তাপুরে পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগ: ইউএনওর নির্দেশে চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে দীর্ঘদিন ধরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বসতবাড়িতে পানি প্রবেশ, সরকারি সড়কের ক্ষয়ক্ষতি এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের নির্দেশে বুধবার (২১ জুলাই) বিকেল ৫টায় চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মঞ্জুর ও খালেদ আহমেদ জানান, পশ্চিম ঠাকুরের মাটি এলাকার ঐতিহ্যবাহী চানপুরী ছড়ার পাশে দীর্ঘদিন ধরে প্রায় ১৫০টি পরিবার বসবাস করছে। সম্প্রতি কয়েকজন ব্যক্তি জমি কিনে প্লট উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে মাটি ভরাট করে প্রাকৃতিক পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়েছেন। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে। এতে বসতঘরে পানি ঢুকছে, ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রথম অর্থায়নে নির্মাণাধীন ইট সলিং সড়কও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। আমারা আশাবাদী মন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীগ্রই পদক্ষেপ নিয়ে আমাদের এই দুর্যোগ থেকে মুক্ত করবেন।
তারা আরও জানান, প্রায় দুই হাজার মানুষের চলাচলের একমাত্র এই সড়ক ব্যবহার করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি মসজিদে যাতায়াত করা হয়। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তার ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় শিক্ষার্থী, চাকরিজীবী, নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থান থেকে জমি কিনে প্লট উন্নয়নের কাজ করা হলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়ে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।
এ সমস্যা সমাধানে গত ১৪ জুলাই সহকারী কমিশনার (ভূমি) এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন এলাকাবাসী। আবেদনে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ পুনরুদ্ধার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং সরকারি সড়ক রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও সুনন্দা রায়ের নির্দেশে চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, "বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সরেজমিন পরিদর্শনের পর পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করা এবং এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওহিদুর রহমান, মেম্বার পদপ্রার্থী মানিক মিয়া, আব্দুর রশিদ, শাহিন আহমেদ, রুহেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দ্রুত বিষয়টি আমলে নিয়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী ইউএনওকে ধন্যবাদ জানিয়ে স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।