Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বর্ষায় ‘মিনি কক্সবাজার’ লাখাইয়ের চিকনপুর ব্রিজে পর্যটকদের ঢল, আডোবা সড়কের দাবিতে স্থানীয়রা

২০ জুলাই ২০২৬ • ০৪:২৬ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

বর্ষা এলেই হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর ব্রিজ ও আশপাশের হাওরাঞ্চল যেন রূপ নেয় এক অন্যরকম সৌন্দর্যে। ঢেউ খেলানো পানির বিস্তীর্ণ জলরাশি, ছোট-বড় নৌকার বিচরণ, বিকেলের মনোমুগ্ধকর সূর্যাস্ত এবং প্রকৃতির অপরূপ রূপ দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। স্থানীয়দের কাছে এলাকাটি এখন পরিচিত ‘মিনি কক্সবাজার’ নামে।


লাখাই উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের চিকনপুর ব্রিজ থেকে লাখাই বাজার পর্যন্ত বিস্তীর্ণ জলরাশি বর্ষা মৌসুমে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করে। বিশেষ করে বিকেলের দক্ষিণা বাতাস, মাঝেমধ্যে মেঘ-বৃষ্টি আর ঢেউয়ের ছন্দে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। ব্রিজসংলগ্ন সড়কে ঢেউ এসে আছড়ে পড়ার দৃশ্য উপভোগ করতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন।


পর্যটকদের কেউ পানিতে নেমে সাঁতার কাটছেন, কেউ ফুটবল খেলছেন, কেউ আবার ছোট ছোট ডিঙ্গি নৌকায় হাওর ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ছবি তুলছেন, আবার কেউ ব্রিজের ওপর বসে বা দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, বর্ষা শুরু হওয়ার পর থেকেই চিকনপুর ব্রিজ এলাকায় পর্যটকদের আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। যথাযথ অবকাঠামো উন্নয়ন করা গেলে ভবিষ্যতে এটি বৃহৎ পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।


স্থানীয়দের দাবি, লাখাই উপজেলার বামৈ তিনপুল থেকে লাখাই বাজার পর্যন্ত প্রায় ৬ দশমিক ২০ কিলোমিটার আডোবা সড়ক নির্মাণ করা হলে চিকনপুর থেকে লাখাই বাজার পর্যন্ত পুরো এলাকা কক্সবাজারের সমুদ্রসৈকতের মতো আকর্ষণীয় পর্যটন রুটে পরিণত হবে। তখন মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও আশপাশের হাওরাঞ্চলের মতো নৌভ্রমণের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং বর্ষা মৌসুমে হাজারো পর্যটকের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।


চিকনপুর ব্রিজে ঘুরতে আসা অলীপুর এলাকার বাসিন্দা পলাশ মিয়া বলেন, তিনি আরএফএল কোম্পানিতে চাকরি করেন। ছুটির দিনে স্থানীয় বন্ধুদের কাছ থেকে চিকনপুর ব্রিজের কথা শুনে এখানে ঘুরতে এসেছেন। তাঁর ভাষায়, “লাখাইয়ের এই জায়গাটি সত্যিই মিনি কক্সবাজারের মতো সুন্দর। প্রকৃতির এমন সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।”


চিকনপুর ব্রিজসংলগ্ন এলাকায় সাঁতার কাটতে আসা স্থানীয় কয়েকজন তরুণ জানান, বর্ষা এলেই তারা প্রতিদিন বিকেলে এখানে আসেন। বিভিন্ন এলাকা থেকে পর্যটকরাও আসেন। সবাই মিলে আনন্দ-উল্লাসে সময় কাটান।


মাদারীপুর থেকে কর্মসূত্রে লাখাইয়ে বসবাসকারী এক ওষুধ কোম্পানির কর্মকর্তা তাঁর ছোট মেয়ে তাবাস্সুমকে নিয়ে প্রতিদিন বিকেলে এখানে ঘুরতে আসেন। তাবাস্সুম জানায়, বাবার সঙ্গে প্রতিদিন এখানে এসে ঘুরতে তার খুব ভালো লাগে।


লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাজন মিয়া বলেন, “বামৈ তিনপুল থেকে লাখাই বাজার পর্যন্ত আডোবা সড়ক নির্মাণ করা হলে লাখাই একটি বড় পর্যটনকেন্দ্রে পরিণত হবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও অনেক বেড়ে যাবে।”


স্থানীয়দের মতে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লাখাইয়ের চিকনপুর ব্রিজ এলাকায় প্রয়োজনীয় যোগাযোগব্যবস্থা, পর্যটনবান্ধব অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এটি হবিগঞ্জের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

বিজ্ঞাপন channeljaintanews24.com