জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সহ-সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার জকিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির সম্পৃক্ততা নিশ্চিত, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার বিকেলে জকিগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাম্মী আক্তার বলেন, সিলেট-৫ আসনের মানুষের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে রয়েছেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠপর্যায়ে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে জকিগঞ্জ যেন কোনোভাবেই উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই তিনি কাজ করে যাবেন বলে আশ্বাস দেন।
শাম্মী আক্তার বলেন, দলের ভেতরে বিদ্যমান ভুল বোঝাবুঝি ও বিভেদ দূর করে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে উপেক্ষা করে কোনো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা উচিত নয়। উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, সিলেট-৫ আসনের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে গিয়ে তিনি তদবির করবেন এবং এলাকার মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা হিফজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ লস্কর।
সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদুজ্জামান, পৌর কৃষক দলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জবরুল হোসেন ইমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে মাদকবিরোধী অবস্থান ও নিরপেক্ষতার আহ্বান
পরে সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন শাম্মী আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বক্তব্য দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ লস্কর, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় শাম্মী আক্তার বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় জকিগঞ্জে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। মাদক একটি সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। তিনি বলেন, মাদক নির্মূলে বিএনপি সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে সুশিক্ষিত, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শাম্মী আক্তার বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো কারণে সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হতে পারেননি। তবে বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সত্ত্বেও জকিগঞ্জ-কানাইঘাটে বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে বিএনপির নেতাকর্মীদের উপেক্ষা করার প্রবণতা দেখা যাচ্ছে, যা কাম্য নয়। তিনি উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে বিএনপির সম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রশাসনের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, দলের কোনো নেতাকর্মী যদি অপরাধ, অনিয়ম বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে তার দায়ভার সরকার বা দল বহন করবে না। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যে-ই অপরাধ করুক, প্রশাসনকে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।