সিলেটে অপরাধ নিয়ন্ত্রণে এসএমপির অভিযান, ৩২ ঘণ্টায় ১২৫ আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ রাত ১২টা থেকে ১৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারকৃত আসামিরা রয়েছেন।
অভিযানে উদ্ধার করা হয়েছে ২৭ বস্তা ভারতীয় চা-পাতা এবং ১৪ পিস ইয়াবা।
এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৯২টি যানবাহন আটক করে। সব মিলিয়ে ট্রাফিক আইনের আওতায় মোট ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীকে অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।