নিজস্ব প্রতিবেদক:
দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নবসৃষ্ট উপজেলাসহ আরও ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত ৬ জুলাই উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত স্মারক জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বার্থে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নবসৃষ্ট উপজেলাসহ ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (প্রকল্প প্রণয়ন) এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব দ্রুত প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), দেশের সব সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুলিপি পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, প্রকল্প প্রণয়ন, পদ সৃজন এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণ, রোগীদের শয্যাসংকট নিরসন এবং গ্রামীণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।