নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে দেওয়া প্রায় দুই মিনিটের বক্তব্যে তিনি প্রায় ৬০ বার ‘স্যার’ সম্বোধন করেছেন বলে আলোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জৈন্তাপুর উপজেলার জামিয়া আরাবিয়া দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসায় আয়োজিত সুধীজনের সঙ্গে মন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। তবে দুই দিন পর, বৃহস্পতিবার রাত থেকে বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবারও ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে ব্যাপকভাবে শেয়ার হতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, স্বাগত বক্তব্য দিতে গিয়ে ইউএনও সুনন্দা রায় প্রায় প্রতিটি বাক্যের শুরু ও শেষে মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। প্রায় দুই মিনিটের বক্তব্যে ‘স্যার’ শব্দটি প্রায় ৬০ বার উচ্চারণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি এবং আনুষ্ঠানিক সম্বোধনের প্রচলিত রীতিনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন।
এর আগে চলতি বছরের ২৪ মার্চ রংপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে প্রায় দুই মিনিটের বক্তব্যে ৬০ বার ‘স্যার’ সম্বোধন করেছিলেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে সরকারি কর্মকর্তাদের বারবার ‘স্যার’ সম্বোধনের ভিডিও অতীতেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
জৈন্তাপুরের ওই মতবিনিময় সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পাশাপাশি সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক মুহীদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন সুনন্দা রায়।