গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া: যুবলীগ নেতা অপু খান বদই গ্রেপ্তার
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগে যুবলীগ নেতা অপু খান বদই (৩০)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপু খান বদই গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ী গ্রামের মৃত পাখি খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অপু খান বদই গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি পৌর শহরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপরই তাকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ।
পুলিশ আরও জানায়, অপু খান বদইয়ের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ পিপিএম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।