Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

০৯ জুলাই ২০২৬ • ১২:০৩ পূর্বাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, এ দুই অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।


বুধবার দুপুরে দিরাই থানার ওসির কার্যালয়ে দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, কোষাধ্যক্ষ সালমান মিয়া, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন এবং সদস্য জাকির হোসেন জুহান ও আবুল ফজল আকাশ।


নবাগত ওসি আমিনুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একাধিক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। একইভাবে অনলাইন জুয়া তরুণ সমাজকে বিপথগামী করছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; গণমাধ্যম, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


এ সময় তিনি গ্রামে আধিপত্য বিস্তার রোধে পঞ্চায়েতের নামে কোনো ব্যক্তি বা পরিবারের ওপর মানসিক নির্যাতন না করার আহ্বান জানান।


ওসি আমিনুল ইসলাম আরও বলেন, দিরাই থানাকে একটি জনবান্ধব ও সেবামুখী থানায় পরিণত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com