সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জুলাই) মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার। সহকারী শিক্ষক আজিমুল ইসলাম ও অজয় কুমার যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন শাহীন (পিপিএম), মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার, মোশাহিদ তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, বর্তমান বিএনপি সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হাওরাঞ্চলের শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী।
সভায় শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং হাওরাঞ্চলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।