Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, ভিসা সহজীকরণ ও আঞ্চলিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ

নিউইয়র্কে বাংলাদেশ-ভিয়েতনাম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে যৌথ উদ্যোগের অঙ্গীকার

০৮ জুলাই ২০২৬ • ১০:৪১ অপরাহ্ন

ঢাকা, ৮ জুলাই :

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশ নিরাপত্তা সহযোগিতা জোরদার, মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।


সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরদিকে ভিয়েতনাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং।


বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের জানুয়ারিতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ১৪তম জাতীয় কংগ্রেস সফলভাবে সম্পন্ন হওয়া এবং আগামী পাঁচ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় ভিয়েতনাম সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক আরও গতিশীল করতে আগ্রহী।


তিনি ১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত বাংলাদেশ-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশ ভিয়েতনামের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।


বৈঠকে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভিসা-সংক্রান্ত জটিলতা এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসনে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন এবং প্রকৃত পর্যটক, ব্যবসায়ী, বৈধ কর্মজীবী ও পারিবারিক ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও শিথিল করার আহ্বান জানান।


আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, মানব পাচার, মাদক চোরাচালান এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও জোরদার করা প্রয়োজন।


বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই দুই দেশের মধ্যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (PTA) স্বাক্ষরিত হলে বাণিজ্যের পরিমাণ দ্রুত দ্বিগুণ হবে।


এ সময় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমতি দেওয়ায় ভিয়েতনাম সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন বাংলাদেশি ওষুধ সাশ্রয়ী মূল্যে আমদানির আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে ভিয়েতনামের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।


সালাহউদ্দিন আহমদ আসিয়ান (ASEAN)-এ বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার পাশাপাশি আরসিইপি (RCEP)-এর সদস্যপদ অর্জনে ভিয়েতনামের জোরালো সমর্থনও প্রত্যাশা করেন।


জবাবে ভিয়েতনাম প্রতিনিধিদল বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেয়। একইসঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করে।

বিজ্ঞাপন channeljaintanews24.com