Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০৬ জুলাই ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

শিরোপার স্বপ্ন শেষ, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০৬ জুলাই ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ন

বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্লিং হালান্ডের জোড়া গোলে সেলেসাওদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আগের দু’টি বিশ্বকাপে ব্রাজিল ছিটকে গিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। এবার তার থেকে এক রাউন্ড আগেই ছিটকে গেল তারা। ব্রাজিলের পক্ষে ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন নেইমার। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপ থেকে এতো তাড়াতাড়ি বিদায় নিলো ব্রাজিল। আর বিশ্বকাপে এটিই নরওয়ের সেরা সাফল্য। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো কিংবা ইংল্যান্ড।


আন্দ্রেয়াস শেলদেরুপ ও আরলিং হালান্ড ম্যাচে দারুণ বোঝাপড়ার পরিচয় দেন। ৯০ মিনিটে শেলদেরুপের কাছ থেকে বল পেয়ে হালান্ড প্রথমে ডান পায়ে বল নিয়ন্ত্রণে নেন। এরপর মুহূর্তের মধ্যে বাঁ পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন জালের নিচের কোণায়। অসাধারণ ফিনিশিংয়ে নরওয়েকে ২-০ গোলে এগিয়ে দেন এই তারকা স্ট্রাইকার। 


এর আগে ম্যাচে দীর্ঘ সময়ের আধিপত্যের পুরস্কার পায় নরওয়ে। ৭৯ মিনিটে ব্রাজিলকে ১-০ গোলে পিছিয়ে দেয় স্ক্যান্ডিনেভিয়ানরা। বাঁ প্রান্ত থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের দুর্দান্ত ক্রসে বক্সের মধ্যে গ্যাব্রিয়েল মাগালহায়েসকে লাফিয়ে হারিয়ে বলের নাগাল পান আর্লিং হালান্ড। নিখুঁত হেডে তিনি বল জড়িয়ে দেন জালে। কোনো সুযোগই পাননি আলিসন বেকার।


তবে ৫৯ মিনিটে মাঝমাঠে দারুণভাবে বল কেড়ে নিয়েছিলেন কাসেমিরো। এরপর তিনি বল বাড়িয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। ভিনিসিয়ুস অসাধারণ এক থ্রু পাসে বক্সের ভেতরে একেবারে ফাঁকা অবস্থায় এন্দ্রিককে খুঁজে নেন। গোলরক্ষক অরইয়ান নাইল্যান্ডকে টপকে বল জালে পাঠানোর চেষ্টা করেন এন্দ্রিক। কিন্তু তাঁর সূক্ষ্ম চিপ শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। নিশ্চিত গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। 


এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল রুদ্ধশ্বাস লড়াই, যেখানে দুই দলই সমানতালে একে অপরকে চাপে রেখেছে। গোলমুখে উভয় দলই দু’টি করে শট রাখতে পেরেছে। প্রথমার্ধের সবচেয়ে বড় মুহূর্ত ছিল ব্রাজিলের পাওয়া পেনাল্টি। কিন্তু ব্রুনো গিমারায়েসের শট দুর্দান্তভাবে রুখে দিয়ে নরওয়েকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক অরইয়ান নাইল্যান্ড। 


এই পেনাল্টি নিতে এগিয়ে গিয়েও শট নেননি ভিনিসিয়ুস। তিনি বল ছেড়ে দেন ব্রুনো গিমারায়েসের জন্য। ১৩ মিনিটে দৌড়ে এসে শট নেওয়ার আগে মুহূর্তের জন্য থেমে যান ব্রুনো, এরপর ডান দিক লক্ষ্য করে শট নেন। তবে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নাইল্যান্ড সঠিক দিক আন্দাজ করে দুর্দান্ত এক সেভ করেন। নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। 


এবারের বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে সোমবার (৬ জুলাই) মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কারণ, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি বহু বছরের অস্বস্তিকর রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল সেলেসাওরা। 


কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপে এক নতুন ইতিহাস রচনা করলো নরওয়ে। এই প্রথমবার স্ক্যান্ডিনেভিয়ান ফুটবলাররা কোয়ার্টার ফাইনালে পা রাখলো। অন্য়দিকে, চোখের জলে বিদায় নিলো সাম্বা বাহিনী। পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলকে যে এভাবে হারতে হবে, সেটা বোধ হয় কেউ কল্পনা করতে পারেননি।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com