সিলেট: সিলেটের জকিগঞ্জ সড়কের চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কালাই মিয়া (৫৫)। তিনি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কালাই মিয়ার মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।