Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৪ জুলাই ২০২৬ | ০২:২৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

কাতারের শোকের রেশ কাটেনি, সৌদিতে প্রাণ গেল কানাইঘাটের আরও এক প্রবাসীর

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৪ জুলাই ২০২৬ | ০২:২৯ পূর্বাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুর ঘটনায় কানাইঘাটজুড়ে শোকের আবহ এখনো কাটেনি। এরই মধ্যে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তারেক আহমদ (২৪) নামে কানাইঘাটের আরও এক প্রবাসীর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে নতুন করে শোকের ছায়া।


নিহত তারেক আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ জুলাই) সৌদি আরবের জেদ্দা শহরে কর্মস্থলের দায়িত্ব পালন শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তারেক ড্রাইভিং শিখছিলেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে তিনি মারা যান।


তারেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৫ নম্বর বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী। তিনি জানান, পরিবারের স্বপ্ন পূরণের প্রত্যাশায় প্রায় দেড় বছর আগে তারেক সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রবাসেই শেষ হলো তাঁর জীবন।


তারেকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই মুক্তাপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পারিবারিক পরিবেশ। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন তারেকের বাবা-মা।


স্থানীয়দের ভাষ্য, কাতারে একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আরেক প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যু কানাইঘাটবাসীকে গভীরভাবে ব্যথিত করেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com