Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৪ জুলাই ২০২৬ | ০২:১৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

আজ শুরু আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা, ৯ জুলাই মাশহাদে দাফন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৪ জুলাই ২০২৬ | ০২:১৯ পূর্বাহ্ন

মো. জুনেদ আহমদ, ফ্রান্স: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা আজ ৪ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ছয় দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। কয়েক মাসের বিলম্বের পর যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জানাজার প্রথম ধাপে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এরপর রাজধানীতে রাষ্ট্রীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে পবিত্র শহর কোমে ধর্মীয় অনুষ্ঠান এবং ইরাকের নাজাফ ও কারবালায় স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষে ৯ জুলাই মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে।


ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামি শরিয়তে দ্রুত দাফনের বিধান থাকলেও যুদ্ধকালীন নিরাপত্তা, রাষ্ট্রীয় প্রস্তুতি এবং বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জানাজা ও দাফনের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়। এ উপলক্ষে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আকাশপথেও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।


সরকারের ধারণা, জানাজায় দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন। এ জন্য হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন ক্রীড়া কমপ্লেক্সে আগত শোকাহতদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরিবহন ব্যবস্থাও বিশেষভাবে পুনর্বিন্যাস করা হয়েছে।


জানাজায় অংশ নিতে ইতোমধ্যে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরানে পৌঁছাতে শুরু করেছে। ভারতের একটি প্রতিনিধি দল এবং চীনের একজন জ্যেষ্ঠ প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশ প্রতিনিধি পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।


উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে টানা প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ আলী খামেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। এরপর চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁর রাষ্ট্রীয় জানাজা একাধিকবার স্থগিত করা হয়েছিল।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com