জকিগঞ্জ: শিক্ষাঙ্গনে সবুজ পরিবেশ গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সরকারের ‘পাঁচ কোটি গাছ’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চারা বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতী মোহাম্মদ আবুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সারওয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, যুব মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক কে. এম. মামুন, সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট পাঁচ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, প্রকৃতি সংরক্ষণ এবং বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।