লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রজব আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও সহযোদ্ধা রেখে গেছেন।
বৃহস্পতিবার আসরের নামাজের পর তাঁর নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।
এ সময় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম উপজেলা প্রশাসনের পক্ষে এবং লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ উদ্দিনের পক্ষে এসআই মাঈনুল মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা রজব আলীর মরদেহ দাফন করা হয়।