Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | ০৫:০৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

বিশ্বকাপের উত্তেজনায় ঝরল প্রাণ, জকিগঞ্জে চাচাতো ভাই খুন

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ | ০৫:০৩ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে সিলেটের জকিগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।


বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেপ্তার হওয়া পারভেজ আহমদ (৩২) মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আলম আহমদ ও পারভেজ আহমদের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পারভেজ ধারালো ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে অভিযুক্তের নানাবাড়ি থেকে পারভেজ আহমদকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।


তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।


স্থানীয়দের ভাষ্য, আলম ও পারভেজ ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য তর্কের জেরে একটি পরিবারের উপার্জনক্ষম সদস্যের মৃত্যু এবং আরেক সদস্যের গ্রেপ্তারের ঘটনায় হতবাক এলাকাবাসী। তাদের মতে, ক্ষণিকের উত্তেজনা দুটি পরিবারকে দীর্ঘদিনের জন্য শোক ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com