Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০১ জুলাই ২০২৬ | ০৪:৪৪ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ রেমিট্যান্সযোদ্ধা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০১ জুলাই ২০২৬ | ০৪:৪৪ পূর্বাহ্ন

কানাইঘাট প্রতিনিধি:


মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ২টার দিকে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মিলিত জানাজার নামাজ শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।


নিহতদের শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ সমবেত হন। একসঙ্গে পাঁচ প্রবাসীর অকাল মৃত্যুতে পুরো কানাইঘাট উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


এর আগে মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কফিনবন্দী পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত প্রত্যেকের দাফনের জন্য প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও ৩ লাখ টাকা করে অনুদান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


পরে সকাল সাড়ে ১১টার দিকে পাঁচটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মরদেহ পৌঁছানোর পর সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। স্বজনদের বুকফাটা কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয়জনকে হারিয়ে বারবার মূর্ছা যান মা-বাবা, স্ত্রী ও স্বজনরা।


নিহতরা হলেন— ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ।


উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন বাংলাদেশি নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। প্রবাসে জীবিকার সন্ধানে থাকা এই পাঁচ রেমিট্যান্সযোদ্ধার অকাল মৃত্যুতে কানাইঘাটজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০১.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com