Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রিয় প্রবাসী রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সে নেতৃত্ব সংকট কাটাতে নতুন উদ্যোগ, সদস্য সংগ্রহ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

০১ জুলাই ২০২৬ • ০৪:৩৭ পূর্বাহ্ন

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘদিনের সাংগঠনিক অচলাবস্থা, নেতৃত্ব সংকট ও বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সকে পুনরুজ্জীবিত করতে সদস্য সংগ্রহ, স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং নতুন কার্যকরী পরিষদ নির্বাচনের কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও আজীবন সদস্যরা।


রোববার (২৮ জুন) রাত ৮টায় প্যারিসের লিগ্যাল এইড হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে আহ্বায়ক আলতাফুর রহমান উদ্যোগের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন। পরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি আজাদ মিয়া লিখিত বক্তব্য পাঠ করে বর্তমান সাংগঠনিক সংকট, বিভিন্ন অনিয়মের অভিযোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান, সাবেক সহ-সভাপতি জাবেদ হুসেন, মোহাম্মদ ছাদ ও আজাদ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হুসেন মোজাহিদ, সাবেক সহ-অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস এবং সাবেক কার্যনির্বাহী সদস্য কাদির আহমেদ।


লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে ফ্রান্সে সংগঠনটির শাখা গঠিত হয়। পরে ফ্রান্সের প্রচলিত অ্যাসোসিয়েশন আইন অনুযায়ী এটি নিবন্ধিত হয় এবং একটি সংবিধান প্রণয়ন করা হয়।


সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সাংগঠনিক অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার কারণে সংগঠনটির কার্যক্রম ক্রমেই স্থবির হয়ে পড়েছে। বক্তাদের দাবি, সংগঠনের সভাপতি দীর্ঘ কয়েক বছর ধরে ফ্রান্সের বাইরে স্থায়ীভাবে বসবাস করলেও সাংগঠনিকভাবে তার পদে কোনো পরিবর্তন আনা সম্ভব হয়নি। একই সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় আট বছর ধরে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ না করে দায়িত্ব পালন করে আসছেন বলেও অভিযোগ করা হয়।


এছাড়া ২০২২ সালে সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য গঠিত তহবিলের অর্থ এখনো বিতরণ না হওয়া এবং সংগঠনের নামে কোনো ব্যাংক হিসাব না থাকায় আর্থিক লেনদেনে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও দাবি করেন বক্তারা।


তাদের অভিযোগ, কার্যকরী পরিষদের সদস্যদের মতামত উপেক্ষা করে দীর্ঘদিন এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ফলে সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর ফলে শিক্ষিত, সচেতন ও প্রগতিশীল সিলেটি প্রবাসীদের একটি বড় অংশ সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ হারিয়েছেন।


বক্তারা জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠন করে এবং ১০০ দিনের মধ্যে নতুন কার্যকরী পরিষদ গঠনের নির্দেশনা দেয়। তবে নির্ধারিত সময় অতিক্রম হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সংগঠনকে পুনরায় সক্রিয় করতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের চার জেলার প্রবাসীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ১৫ আগস্টের মধ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে নতুন কার্যকরী পরিষদ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী ৩০ আগস্ট (রোববার) সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির পরিচিতি ঘোষণার পরিকল্পনাও রয়েছে।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এ উদ্যোগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সকে একটি গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক সংগঠন হিসেবে পুনর্গঠন করাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের সর্বস্তরের প্রবাসীদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তারা।

বিজ্ঞাপন channeljaintanews24.com