ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি মামলায় মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে পৌর প্রশাসকের নির্দেশনায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক থানার এসআই শওকত আলী, সুশান্ত আচার্য, ছাতক থানা পুলিশের সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়। এর মধ্যে পিউরিয়া মিষ্টি ঘর থেকে ২ হাজার টাকা, ব্রেস্ট বাই থেকে ২ হাজার টাকা, হাসান স্টোর থেকে ২ হাজার টাকা, লক্ষণ কাঁচামালের দোকান থেকে ২ হাজার টাকা, আরিফ স্টোর থেকে ২ হাজার টাকা, আয়না মিয়ার কাঁচামালের দোকান থেকে ১ হাজার টাকা এবং একটি ফলের দোকান থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পৌর শহরের ফুটপাত ও সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। তিনি সবাইকে ফুটপাত দখল না করার আহ্বান জানান।