Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

স্বল্প খরচে দ্রুত বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান

২৮ জুন ২০২৬ • ০২:০৭ অপরাহ্ন

সিলেট। : অল্প সময়ে, স্বল্প খরচে এবং সহজ উপায়ে বিচারিক সেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)-এর জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান।


শনিবার (২৭ জুন) সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে বিভাগীয় পর্যায়ে জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।


সভায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলা তথ্য অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


প্রধান অতিথি বলেন, বিচারিক দীর্ঘসূত্রিতা কমিয়ে স্বল্প খরচে বিচারিক সেবা প্রদানই গ্রাম আদালতের মূল উদ্দেশ্য। এটি একটি মীমাংসামূলক বিচারব্যবস্থা, যেখানে সাধারণ দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করা হয়। মামলা শুনানি শুরুর অনধিক ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। দেওয়ানি মামলায় মাত্র ২০ টাকা এবং ফৌজদারি মামলায় ১০ টাকা ফি নেওয়া হয়। এ ব্যবস্থার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় থাকে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, সরকারের প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরই মাঠপর্যায়ের প্রধান প্রতিষ্ঠান। তাই ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনপ্রিয় করতে জেলা তথ্য অফিসগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রচারণার পাশাপাশি প্রান্তিক জনগণকে উদ্বুদ্ধ করার মাধ্যমে গ্রাম আদালতের সেবার পরিধি বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এ কার্যক্রম বাস্তবায়নে প্রকল্পের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।


সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, গ্রাম আদালতের প্রকৃত সুবিধাভোগী দরিদ্র, প্রান্তিক ও ছিন্নমূল জনগোষ্ঠী, যাদের সাধারণ আদালতে মামলা পরিচালনার সামর্থ্য নেই। কিন্তু অনেকেই এই সেবা সম্পর্কে অবগত নন। ফলে সরকারের গুরুত্বপূর্ণ এ উদ্যোগ প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। তিনি আগামী দুই বছরের মধ্যে প্রচারণার পাশাপাশি দেশের মানুষের কাছে গ্রাম আদালতের কার্যক্রম কার্যকরভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।


তিনি বলেন, গণযোগাযোগ অধিদপ্তর অতীতেও সরকারের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে। জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের সেবাও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আনোয়ার ইমাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু'মেন। এছাড়া গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)-এর জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাস চক্রবর্তী এবং সিলেট জেলার ব্যবস্থাপক শওকত হাসান পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com