গোয়াইনঘাট (সিলেট), : নদী, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার লুনীগ্রাম, লাঠিগ্রাম ও হাজিপুর এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি বোমা মেশিন ভেঙে সম্পূর্ণ ধ্বংস করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৫ থেকে ২০টি বড় পাইপ ভেঙে অকেজো করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশের ভারসাম্য এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, "নদী ও পরিবেশ ধ্বংস করে কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।