Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
টুকের বাজারে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সচেতন মহলের মানববন্ধন

মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি, টুকের বাজারে পথসভা ও মানববন্ধন

২৭ জুন ২০২৬ • ১০:২৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি। 

কোম্পানীগঞ্জ উপজেলার বৃহত্তর টুকের বাজার ও আশপাশের কয়েকটি গ্রামে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। মাদক সেবনের অর্থ জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কামাল হোসাইন।


আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ইসলামপুর উত্তরপাড়া সমাজকল্যাণ পরিষদ ও সচেতন মহলের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদক কারবারিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে সরকার মাদকবিরোধী আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন সংশোধন হলে মাদক কারবার আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


পথসভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দু তাহের মেম্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামপুর উত্তরপাড়া সমাজকল্যাণ পরিষদের সিনিয়র সদস্য সাংবাদিক শের তারিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান।


মাওলানা ফয়জুর রহমান বলেন, সরকার যদি সত্যিকার অর্থে মাদক নির্মূল করতে চায়, তাহলে দেশে মাদকের লাইসেন্স ব্যবস্থা বন্ধ করতে হবে। তিনি বলেন, শুধু প্রান্তিক পর্যায়ের মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান হবে না; সব স্তরের মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। একই সঙ্গে গ্রেফতারের পর সহজে জামিন পাওয়ার সুযোগ সীমিত করারও দাবি জানান তিনি।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জসিম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম। এছাড়া বক্তব্য দেন জিয়া সাংস্কৃতিক সংসদের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা আমিনুল হক।


এ সময় উপস্থিত ছিলেন টুকের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংবাদিক নোমান আহমদ, টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সুমন, ইসলামপুর উত্তরপাড়া সমাজকল্যাণ পরিষদের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, জুলহাস মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা বাদশা মিয়া, রেজু মিয়া, সোহাগ মিয়া, জাহাঙ্গীর আলম, ঈদন মিয়া, সাচ্চু মিয়া, রাজন মিয়া, ওবাইদুল ইসলাম, বদি উজ্জামান, মান্নান মিয়াসহ শতাধিক ব্যক্তি।

বিজ্ঞাপন channeljaintanews24.com