Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ২৬ জুন ২০২৬ | ০৪:২১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

যে কারনে বিয়ানীবাজারের ইউপি চেয়ারম্যান বরখাস্ত

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ২৬ জুন ২০২৬ | ০৪:২১ পূর্বাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


আহবাবুর রহমান খান শিশু স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।


স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দায়িত্বস্থল ত্যাগ করে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করায় তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরলেও দায়িত্ব পালনে জটিলতা সৃষ্টি হওয়ায় বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।


এর আগে সিলেটের জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো এক প্রতিবেদনে চেয়ারম্যানের অননুমোদিত অনুপস্থিতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানের বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্রও সংযুক্ত করা হয়।


জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(জ) ধারার আলোকে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আইনের এ ধারায় চেয়ারম্যান বা সদস্যকে সাময়িক বরখাস্ত কিংবা চূড়ান্তভাবে অপসারণের বিধান রয়েছে।


সূত্র জানায়, চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু গত ১৮ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করেই দেশ ত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় বিদেশে অবস্থান করায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে।


বর্তমানে প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের রুটিন দায়িত্ব পালন করছেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৬.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com