সিলেটে ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাত আনুমানিক ১০টার দিকে সিলেট জেলা ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওসমানীনগর থানার ৭নং দয়ামীর ইউনিয়নের খালপার এলাকায় অভিযান চালিয়ে জেসমিন বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
আটক জেসমিন বেগম দয়ামীর (খালপার) এলাকার বাসিন্দা এবং আব্দুল বারীর স্ত্রী।
অভিযানকালে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৬০০ টাকা।
অভিযান শেষে আটক জেসমিন বেগমকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।