সিলেট প্রতিনিধি: দায়িত্ব ছাড়ার প্রাক্কালে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে নিজস্ব তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে তিনি লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”
এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়। আদেশ কার্যকর হওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্স খোলার সময় সোমবার মাজারের দানবাক্স থেকে জেলা প্রশাসককে উদ্দেশ করে লেখা একটি বেনামি চিঠি উদ্ধার করা হয়। চিঠিতে মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগের প্রশংসা করে দেশ-বিদেশের ৯৫ শতাংশ মানুষ তার পক্ষে রয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে দরগাহের এক কেরানির বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ, অবৈধভাবে জায়গা দখল এবং নানা দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের আবেদন জানানো হয়।
সোমবার মাজারের সিলগালা করা ডেগ ও দানবাক্স থেকে উদ্ধার হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হয়। এ সময় মো. সারওয়ার আলম তার ব্যক্তিগত তহবিল থেকে আরও ৫ লাখ টাকা অনুদান দেন। ফলে ওয়াকফ প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথভাবে পরিচালিত ওই হিসাবে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।
এদিকে বিদায়ী জেলা প্রশাসককে জনবান্ধব ও দুর্নীতিবিরোধী কর্মকর্তা দাবি করে তার প্রত্যাহারের প্রতিবাদে মঙ্গলবারও ‘সিলেটের সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ’ এবং বিভিন্ন ইসলামি সংগঠনের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয় ও আদালতপাড়া এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
অন্যদিকে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর উপস্থিতিতে দরগাহের সার্বিক উন্নয়ন নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পূর্বনির্ধারিত বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি। মন্ত্রীর মিডিয়া সেল জানিয়েছে, তার সিলেট সফরসহ সংশ্লিষ্ট সব সরকারি ও রাজনৈতিক কর্মসূচি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতি ভেঙে প্রথমবারের মতো হজরত শাহজালাল (রহ.) মাজারে জমা হওয়া দানের অর্থ প্রকাশ্যে গণনা ও হিসাব উন্মুক্ত করেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এই উদ্যোগকে ঘিরেই তিনি বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।