জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অনেকের অজান্তে উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনকে ঘিরে স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অংশীজনদের যথাযথভাবে সম্পৃক্ত না করায় কার্যক্রমের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহলের অনেকে।
জানা যায়, গত ২২ জুন সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের উদ্যোগে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। তবে সভা সম্পর্কে আগে থেকে পর্যাপ্ত প্রচার বা সংশ্লিষ্ট অনেক ব্যক্তিকে অবহিত করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে নির্দিষ্ট কিছু ব্যক্তি অংশগ্রহণ করলেও উপজেলার অনেক গুরুত্বপূর্ণ অংশীজন এ বিষয়ে অবগত ছিলেন না।
এদিকে এর আগে গত ১৭ জুন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ব্র্যাকের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, মৎস্য বিষয়ক এ প্রশিক্ষণে অল্প সংখ্যক প্রকৃত মৎস্যজীবী অংশ নিলেও অংশগ্রহণকারীদের মধ্যে ভিন্ন পেশার মানুষের সংখ্যা ছিল বেশি। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, জনসম্পৃক্ত বিষয়ে আয়োজিত সভা-সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত ও সম্পৃক্ত করা হলে কার্যক্রম আরও ফলপ্রসূ ও গ্রহণযোগ্য হতো। বিশেষ করে মৎস্য বিষয়ক প্রশিক্ষণে প্রকৃত মৎস্যচাষীদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন ছিল বলেও তারা মনে করেন।
কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, অনেক সময় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও প্রশিক্ষণ কার্যক্রমে প্রকৃত উপকারভোগীদের পরিবর্তে অন্যদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, যা প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যাহত করে।
এ বিষয়ে জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল বলেন,
"জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের ছত্রছায়ায় বিভিন্ন এনজিও নিজেদের মতো করে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অনেককে তারা গুরুত্ব দিচ্ছে না। এতে জনসম্পৃক্ত কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।"
তবে এ বিষয়ে ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।