Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

৪ দিনেই শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রায় ১৮ লাখ টাকা, মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ন

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেলা প্রশাসনের স্থাপন করা দানবাক্সে মাত্র চার দিনেই জমা পড়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এছাড়া দানবাক্সে পাওয়া গেছে ৭ আনা স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা।


সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও ওয়াকফ এস্টেটের তত্ত্বাবধানে দানবাক্সের টাকা গণনা করা হয়। সন্ধ্যায় টাকার পরিমাণ নিশ্চিত করেন সিলেটের ওয়াকফ অডিটর মো. সজল মিয়া।


তিনি জানান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নির্দেশে গত বৃহস্পতিবার বিকেলে মাজার প্রাঙ্গণে দানবাক্স স্থাপন করা হয়। সোমবার দুপুরে বাক্সটি খুলে গণনা শুরু করা হলে এতে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালঙ্কার এবং কিছু বিদেশি মুদ্রা পাওয়া যায়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ৩৬ জন স্বেচ্ছাসেবক অর্থ গণনার কাজে অংশ নেন। তাদের তদারকিতে ছিলেন আরও কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। পাশাপাশি দরগাহ মাদ্রাসার শিক্ষার্থীরাও সহযোগিতা করেন। মেশিনের সাহায্যে জোহরের নামাজের পর থেকে টাকা গণনার কাজ শুরু হয়।


তদারকির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানান, দানবাক্সে সৌদি রিয়াল, মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ডও পাওয়া গেছে। বাক্সে সবচেয়ে বেশি ছিল এক হাজার ও ৫০০ টাকার নোট। এছাড়া ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোটও উল্লেখযোগ্য পরিমাণে ছিল।


এর আগে গত বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের তিনটি ডেগে সিলগালা করে জেলা প্রশাসন। একইসঙ্গে মাজারে প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্স স্থাপন করা হয়। মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল প্রশাসন।


তবে প্রশাসনের এই পদক্ষেপকে কেন্দ্র করে মাজার-সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা মাজারের বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের সমালোচনা করেন। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই রোববার জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়।


প্রসঙ্গত, দানবাক্স স্থাপনের দিন জেলা প্রশাসক জানিয়েছিলেন, ১৫ দিন পর বাক্সটি খুলে অর্থ গণনা করা হবে। তবে সিলেট ছাড়ার আগে সোমবারই দ্রুত দানবাক্স খুলে গণনার উদ্যোগ নেওয়া হয়।


গত বছরের আগস্টে সাদাপাথর ইস্যুতে আলোচনার মধ্যে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের প্রায় ১০ মাসের মাথায় তাকে প্রত্যাহার করা হলো।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
২৩.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com