ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সিলেটের গৌরবময় ইতিহাস ও কৃতিজনদের জীবনভিত্তিক সংকলন ‘সিলেটের কৃতিজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশনা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, পুণ্যভূমি সিলেটের ১১৩ জন কৃতিজনের জীবনী এই গ্রন্থে স্থান পেয়েছে। পাশাপাশি আরও অনেক শিক্ষাবিদ, সাহিত্যিক, আমলা ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের নিয়েও ভবিষ্যতে গবেষণাধর্মী বই প্রকাশের প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।
তিনি আরও বলেন, সিলেটের কৃতি ব্যক্তিদের নিয়ে লেখা বইগুলো প্রতিটি লাইব্রেরিতে রাখা উচিত, যাতে তরুণ প্রজন্ম সহজেই ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। শুধু বই পৌঁছে দিলেই হবে না, যুবসমাজের মাঝে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেটের মানুষ দেশকে অনেক দিয়েছে, কিন্তু সে তুলনায় কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো হয়নি। এ বিষয়ে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গ্রন্থের সম্পাদক ও প্রকাশক আলাউদ্দিন আল আজাদ বলেন, এই বইয়ের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে তাদের শিকড় ও পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাসের সঙ্গে পরিচিত করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ, এমপি, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, বাংলাদেশ বিচিত্রার প্রধান উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।