হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দা’র কোপে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর ভূমিহীন পাড়া গ্রামে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে এই ঘটনা ঘটে।
নিহত নারী রিপন আক্তার (৩০), তিনি ওই গ্রামের আশিক মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঝগড়ার সময় আশিক মিয়া দা দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রিপন আক্তারের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আশিক মিয়াকে আটক করেন এবং পরে নবীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এখনো হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।