নিজস্ব প্রতিবেদক, জৈন্তাপুর
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে এক ব্যক্তিকে আটক করে অর্থদণ্ডসহ ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা প্রশাসন, জৈন্তাপুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের সমন্বয়ে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।
প্রশাসন সূত্রে জানা যায়, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার জালালবস্তি, যশপুর, মুক্তাপুর মোয়াখাই, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পেছনসহ ৭ থেকে ৮টি স্পটে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন, পরিবহন এবং জনউপদ্রব সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে অর্থদণ্ডের পাশাপাশি ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে ৮ সদস্যের একটি দল অংশগ্রহণ করে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, “সম্প্রতি জৈন্তাপুরে সচেতন নাগরিকদের উদ্যোগে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। এই দৃঢ় অবস্থানের প্রেক্ষিতে প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের যৌথ অভিযানের প্রশংসা করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ। তারা মাদকমুক্ত জৈন্তাপুর গড়ে তুলতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।