জকিগঞ্জ প্রতিনিধি
সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদে পুনর্বহাল হয়েছেন শফিকুর রহমান।
শনিবার রাতে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে শফিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদানপূর্বক সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি লিখিতভাবে তার জবাব দাখিল করেন। তার প্রদত্ত জবাব সন্তোষজনক বিবেচিত হওয়ায় সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শফিকুর রহমান বলেন, দলের দুঃসময়ে তার ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ড মূল্যায়ন করে এবং তার জবাবে সন্তুষ্ট হয়ে পুনরায় স্বপদে বহাল করায় তিনি দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, ভবিষ্যতেও দলের তৃণমূলকে আরও সুসংগঠিত করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।
এদিকে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে স্বপদে বহাল করায় জকিগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শফিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রদানপূর্বক সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।