Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
অপরিচ্ছন্ন পরিবেশে সেবা নিতে বাধ্য জনগণ, ক্ষোভ সেবাগ্রহীতাদের

রাজস্ব আসে লাখে লাখে, অথচ জরাজীর্ণ গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিস

২০ জুন ২০২৬ • ১০:২১ অপরাহ্ন

সুলেমান সিদ্দিকী।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান সাব-রেজিস্ট্রি অফিসের বর্তমান অবস্থা দেখে সহজে বোঝার উপায় নেই যে এটি প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সেবা প্রদানকারী একটি সরকারি কার্যালয়। দীর্ঘদিনের অবহেলা, অপরিচ্ছন্ন পরিবেশ, ভাঙাচোরা অবকাঠামো এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে অফিসটির সার্বিক চিত্র এখন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।


সরেজমিনে দেখা যায়, অফিস ভবনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। প্রবেশপথসহ আশপাশের পরিবেশ অপরিষ্কার ও অগোছালো। পুরোনো টিনশেড এবং জরাজীর্ণ স্থাপনার কারণে পুরো অফিস প্রাঙ্গণ অনেকটা পরিত্যক্ত কোনো ভবনের মতো মনে হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদামাটির কারণে অফিসে আসা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।


প্রতিদিন জমি রেজিস্ট্রি, দলিল নিবন্ধন, দলিলের নকল উত্তোলন এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এই অফিসে আসেন। কিন্তু গুরুত্বপূর্ণ এই সেবাকেন্দ্রের পরিবেশ ও অবকাঠামোগত অবস্থার কারণে সেবাগ্রহীতাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।


স্থানীয়দের অভিযোগ, সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও অফিসের উন্নয়ন, সংস্কার কিংবা পরিচ্ছন্নতা রক্ষায় দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন অফিসের পরিবেশ আরও নাজুক হয়ে উঠছে।


সেবা নিতে আসা কয়েকজন নাগরিক জানান, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ এমন হতে পারে না। যেখানে প্রতিদিন মানুষ প্রয়োজনীয় কাগজপত্র ও সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে আসেন, সেখানে ন্যূনতম পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি।


স্থানীয় সেবাগ্রহীতারা দ্রুত অফিস ভবনের সংস্কার, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং জনবান্ধব সেবা পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছেন।


উল্লেখ্য, গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং সেবার মান নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে জনভোগান্তি, অব্যবস্থাপনা এবং অফিস পরিচালনায় নানা অসঙ্গতির বিষয় উঠে এসেছে।


এদিকে সচেতন মহলের প্রশ্ন, যে অফিসের মাধ্যমে প্রতিদিন সরকারি রাজস্ব আদায় হচ্ছে, সেই অফিস বছরের পর বছর জরাজীর্ণ ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকবে কেন? তারা মনে করেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে অফিসের পরিবেশ উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধি করা এখন সময়ের দাবি।


স্থানীয়দের প্রত্যাশা, গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিসকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com