জৈন্তাপুর (সিলেট),: সিলেটের জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন করে পদায়ন করা হয়েছে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব শিহাব সারার অভীকে (পরিচিতি নম্বর-১৯৪০৬)।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের সংস্থাপন শাখা থেকে ১১ জুন জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর জেলার এই কর্মকর্তা বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছেন। তাঁকে বদলি করে জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসে একই পদে পদায়ন করা হয়েছে।
এদিকে, জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেবকে দক্ষিণ সুরমা উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ৩(৩) ধারার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্ব স্ব অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় অনুমতি প্রদান করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।