কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি সাদাপাথর পর্যটনকেন্দ্রের নৌকাঘাট এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপজেলার সাদাপাথর এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রকল্প এবং ধলাই নদীতে চলমান তীর প্রতিরক্ষা কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। তিনি নদীভাঙন প্রতিরোধ ও এলাকার উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিকও পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবরসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
প্রতিমন্ত্রীর এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষ করে ধলাই নদীর তীররক্ষা কাজ এবং সাদাপাথর এলাকার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।