Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ০১:৫৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | ০১:৫৮ পূর্বাহ্ন

ঢাকা প্রতিনিধি:

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি (H.E. Dr. Jalil Rahimi Jahanabadi) সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।


বুধবার (১৭ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর মি. এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, কালচারাল কাউন্সেলর মি. মাহদি মোলারস এবং পাবলিক রিলেশনশিপ অফিসার (দোভাষী) মি. মাহফুজুল হক উপস্থিত ছিলেন।


সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশ ও ইরানের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


বৈঠকের শুরুতে ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় ইরানের রাষ্ট্রদূত তাঁকে অভিনন্দন জানান। একই সময় বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের নাগরিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।


এ সময় উভয়পক্ষ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু, এবং মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বিরোধীদলীয় নেতা বাংলাদেশে ইরান সরকারের পক্ষ থেকে একটি বিশ্বমানের হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেন।


ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশ-ইরান সম্পর্কের বর্তমান অগ্রগতির প্রশংসা করে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইরান সরকারের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।


সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৮.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com