Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

নিয়ম মানলেই মিষ্টিমুখ, হেলমেট কিনলেই ছাড়: ব্যতিক্রমী উদ্যোগে এসএমপির ট্রাফিক সপ্তাহ

১৭ জুন ২০২৬ • ০২:৫৩ অপরাহ্ন

নিউজ ডেস্ক। 

সিলেট: ট্রাফিক আইন মেনে চলা চালকদের মিষ্টিমুখ করানো, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের মামলা না দিয়ে তাৎক্ষণিক হেলমেট কেনার সুযোগ এবং জরিমানা পরিশোধে বিশেষ ছাড়—এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে চলছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক সপ্তাহ-২০২৬।


“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৪ জুন শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে সোমবার (১৫ জুন) নগরীর চৌহাট্টা পয়েন্ট ও আশপাশ এলাকায় সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।


র‌্যালি শেষে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে যানবাহনের কাগজপত্র এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার যাচাই করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।


এ সময় যেসব চালকের কাগজপত্র সঠিক পাওয়া যায় এবং যারা নিয়মিত হেলমেট ব্যবহার করেন, তাদের মিষ্টিমুখ করিয়ে উৎসাহিত করা হয়।


অন্যদিকে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না দিয়ে তাৎক্ষণিকভাবে হেলমেট কেনার সুযোগ দেওয়া হয়। এদিন মোট ৪২ জন চালক হেলমেট কিনে বিশেষ ছাড়ের সুবিধা পান।


এসএমপি জানিয়েছে, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আরও কয়েকটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাফিক আইন মেনে চলা চালকদের স্বীকৃতি দেওয়া, সাশ্রয়ী মূল্যে হেলমেট সরবরাহে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, বিআরটিএর সহায়তায় দ্রুত কাগজপত্র নবায়নের সুযোগ এবং ট্রাফিক মামলা ও জরিমানার অর্থ পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।


সিলেট মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে এসএমপির ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন channeljaintanews24.com