ছাতক প্রতিনিধি।
ছাতকে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ উন্নয়নে ৩ কোটি টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
তিনি বলেন, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে তার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমেই এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে তিনি আরও ঘোষণা দেন— ৩ কোটি টাকা ব্যয়ে ফার্নিচারসহ একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এছাড়া ছাত্রীদের জন্য একটি কমন রুম নির্মাণ, স্কুলের মাঠ পাকাকরণের জন্য ৫ লাখ টাকা, শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জামের জন্য ১ লাখ টাকা এবং ল্যাবরেটরি উন্নয়নের জন্য আরও ১ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
ছাতকে সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিচালিত সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (১৪ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন।
ভাইস প্রিন্সিপাল হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, রাজনীতিবিদ সামছুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সুয়েব মিয়া তালুকদার, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার, কয়েছ আহমদ, মিছবা উজ জামান শিলু, ছাত্র অভিভাবক সাবেক মেম্বার আব্দুর রহিম, আলা উদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মাহিমা মারজাবিন নুরা ও সোনালী দাস শ্রেয়া। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আরিফা আক্তার লিজা এবং গীতা পাঠ করেন রাজদ্বীপ দাস।
অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের বিভিন্ন সদস্য, ইউপি চেয়ারম্যান আব্দুল হক, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান, মানপত্র পাঠ ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ তালুকদার সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাস্টে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।