বালাগঞ্জ প্রতিনিধি।
সিলেটের বালাগঞ্জ উপজেলার শিক্ষা, সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্যপ্রবাসী বাঙালি কমিউনিটি নেতা, সংগঠক ও তরুণ সমাজকর্মী শহীদ আবুল কালাম সেতুকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও কৃতজ্ঞতা জানিয়েছে বালাগঞ্জ উপজেলা প্রশাসন।
জানা যায়, সদ্য বিদায়ী বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রশংসাপত্রে উল্লেখ করা হয়েছে, প্রবাসে অবস্থান করেও শহীদ আবুল কালাম সেতু দীর্ঘদিন ধরে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তিনি যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজকর্মী। তাঁর গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হাজিপুর গ্রামে। তিনি প্রয়াত আব্দুস শহীদের পুত্র।
প্রশংসাপত্রে বলা হয়, শহীদ আবুল কালাম সেতু স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারে সহযোগিতা করে আসছেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।
উপজেলা প্রশাসনের মতে, তাঁর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শুধু শিক্ষা ও সামাজিক পরিবেশের উন্নয়নেই ভূমিকা রাখছে না, বরং নতুন প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। তাঁর অবদান শিক্ষার্থীদের জন্য শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ বিকাশেও সহায়ক হিসেবে কাজ করছে।
প্রশংসাপত্রে আরও উল্লেখ করা হয়, প্রবাসে অবস্থান করেও মাতৃভূমির শিক্ষা, সমাজ ও আগামী প্রজন্মের কল্যাণে তাঁর দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মানবিক চেতনার পরিচয় সর্বমহলে প্রশংসিত হয়েছে।
বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আবুল কালাম সেতুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে সমাজ ও শিক্ষার কল্যাণে তাঁর এ ধরনের মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রবাসীদের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সমাজ উন্নয়ন ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অন্যদেরও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।