Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ১৪ জুন ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের আয়োজনে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রাণবন্ত মিলনমেলা

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ১৪ জুন ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ন

মো. জুনেদ আহমদ, ফ্রান্স :

ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে আয়োজিত এ মেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ বিভিন্ন দেশের দর্শনার্থীরা।


দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পুরো রিপাবলিক এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মেলার প্রবেশমুখ থেকেই চোখে পড়ে বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী সাজসজ্জা, রঙিন ব্যানার, আলপনা এবং বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।


মেলায় রয়েছে দেশীয় খাবারের বাহারি স্টল, হস্তশিল্প, পোশাক, অলংকার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন প্রদর্শনী। দর্শনার্থীরা উপভোগ করছেন পান্তা-ইলিশ, ভর্তা, পিঠাপুলি এবং বাংলাদেশের জনপ্রিয় নানা মুখরোচক খাবার।


আয়োজনের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় অংশ নিচ্ছেন প্রবাসী শিল্পীরা। বাংলা গান, নৃত্য, আবৃত্তি ও লোকসংগীত পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। অনুষ্ঠানজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে দিয়েছে ভিন্নমাত্রা।


আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করে তোলার পাশাপাশি ভিন্ন সংস্কৃতির মানুষের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। তাদের মতে, বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা এবং শিকড়ের সঙ্গে আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য আয়োজন।


স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী প্যারিসের এ উদ্যোগে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন।


উৎসবমুখর পরিবেশ, বাঙালিয়ানা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে রিপাবলিকের বৈশাখী মেলা পরিণত হয়েছে প্রবাসে এক টুকরো বাংলাদেশের প্রাণের উৎসবে। নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির চর্চা ও সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com