জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুরের কৃতী সন্তান, বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, সমাজসেবক ও ইসলামী ব্যক্তিত্ব মরহুম মাওলানা আব্দুল জব্বার (রহ.) ছিলেন বৃহত্তর সিলেটের এক কীর্তিমান ব্যক্তিত্ব। তিনি সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিলেন সোচ্চার এক প্রতিবাদী মুজাহিদ। জ্ঞান, আমল, তাকওয়া ও মানবসেবায় সমৃদ্ধ তাঁর জীবন ছিল সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বক্তারা বলেন, মাওলানা আব্দুল জব্বার (রহ.) তিন দশকেরও বেশি সময় ধরে মাদ্রাসা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একজন দক্ষ শিক্ষানুরাগী হিসেবে অসংখ্য শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও জনদরদী মানুষ। সমাজের সুখ-দুঃখে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর নেতৃত্বে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারের পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে পড়ে।
তাঁরা আরও বলেন, মাওলানা আব্দুল জব্বার (রহ.) শুধু একজন আলেমই ছিলেন না, বরং একজন সফল সংগঠকও ছিলেন। বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে তিনি সমাজকল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, ন্যায়পরায়ণতা ও আদর্শিক দৃঢ়তা তাঁকে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছে। আজ তিনি আমাদের মাঝে না থাকলেও তাঁর কর্ম, শিক্ষা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বক্তারা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবার, ছাত্র-শিষ্য ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।
রবিবার (১৪ জুন) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় সদস্য ও উপজেলা শাখার সভাপতি মরহুম মাওলানা আব্দুল জব্বার (রহ.)-এর স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সদস্য মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ হিলাল আহমদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, জাতুগ্রাম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা রুহুল আমিন, লাফনাউট মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম, খরিলহাট মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শফিকুল হক, পাখিবিল মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুল ইসলাম, আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, লামনীগ্রাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুছ, শিক্ষক হাফিজ আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুর রউফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা কুতুব উদ্দিন এবং মরহুমের পুত্র হাফিজ মাওলানা নাকিব আসজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম মাওলানা আব্দুল জব্বার (রহ.)-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।