সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে দুধরচকীর গভীর শোক
নিজস্ব প্রতিবেদক :
সিলেট-৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতিমান আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী গত ১২ জুন শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
এক শোকবার্তায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট নগরে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলে আজীবন ইসলামের খেদমত করে গেছেন। তাঁর নেতৃত্বে সিলেটে প্রথম প্রতিষ্ঠিত হয় শাহজালাল জামেয়া ইসলামিয়া, মিরাবাজার। তিনি এই জামেয়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে একই মডেলে সিলেট শহরের পাঠানটুলায় প্রতিষ্ঠিত হয় দেশবিখ্যাত প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা।
তিনি আরও বলেন, কোরআনের খেদমতে সিলেটে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘আনজুমানে খেদমতে কোরআন’-এর দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। এছাড়া সিলেটের আধুনিক ব্যবসা-বাণিজ্যের প্রসারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নগরের জিন্দাবাজারে নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত আধুনিক ও দৃষ্টিনন্দন বাণিজ্যিক কমপ্লেক্স ‘আলহামরা শপিং সিটি’ প্রতিষ্ঠায় তাঁর অনন্য অবদান রয়েছে। তিনি এ প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
শোকবার্তায় দুধরচকী বলেন, “মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে হারিয়ে সমাজে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”
হাফিজ মাছুম আহমদ দুধরচকী মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।