Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

জগন্নাথপুরে গণধোলাইয়ের ঘটনায় পাল্টা মামলা, শিক্ষার্থীসহ ১০ জন আসামি করায় এলাকায় ক্ষোভ

১৪ জুন ২০২৬ • ০৩:৪৭ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে গণধোলাইয়ের শিকার হওয়া এক ব্যক্তির দায়ের করা মামলায় শিক্ষার্থীসহ এলাকার কয়েকজন পরিচিত ব্যক্তিকে আসামি করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলের বাইরের বিভিন্ন গ্রামের মানুষকেও মামলায় জড়ানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে ভোরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের মৃত ছৈদ আলীর ছেলে হোসাইন আহমদ (৪২) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে গণধোলাইয়ের শিকার হন। অভিযোগ রয়েছে, নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বাগময়না গ্রামের মাছুম আহমদের বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় স্থানীয় জনতা তাকে আটক করে মারধর করে। এ সময় তিনি সেখানে এসে মাদক সেবন করেছেন বলে স্বীকার করেন বলে স্থানীয়দের দাবি।


পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত হোসাইন আহমদকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।


আদালত থেকে ছাড়া পাওয়ার পর গত ৪ জুন হোসাইন আহমদ বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামের জগলু মিয়া, তার ছেলে শিহাব ও শায়েক, একই গ্রামের মৃত আবদুল মনাফের ছেলে সুজন মিয়া, হাড়গ্রামের রাসেল মিয়া ও তোফায়েল আহমদ, ঐহারদাস গ্রামের কবির মিয়া ও জুনেদ মিয়া এবং রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের বাতির মিয়াসহ মোট ১০ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, হোসাইন আহমদ গণধোলাইয়ের শিকার হয়েছেন বাগময়না গ্রামে। অথচ তিনি সাতাসহ বিভিন্ন গ্রামের শিক্ষার্থী ও এলাকার ভালো মানুষদের মামলায় আসামি করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


এ বিষয়ে মামলার বাদী ও গণধোলাইয়ের শিকার হওয়া হোসাইন আহমদ ১১ জুন বলেন, “আমাকে পরিকল্পিতভাবে মারপিট করা হয়েছে। ন্যায়বিচারের আশায় আমি মামলা করেছি।”


ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন channeljaintanews24.com