কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ৩টায় তাদেরকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের একটি এলাকা থেকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কোম্পানীগঞ্জ থানার খাগাইল গ্রামের মৃত মজেফর আলীর ছেলে ১১ নম্বর আসামি কুটু মিয়া (৫৫) এবং একই গ্রামের মৃত উমেদ আলীর ছেলে ১২ নম্বর আসামি আব্দুর রহমান (৬৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের মৃত আক্রম আলীর ছেলে আবুল হোসেন (৩৪) হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই মামলার আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
আসামিদের আইনের আওতায় আনতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এক চ্যালেঞ্জিং অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১১ ও ১২ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, গ্রেফতারের পর আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আবুল হোসেন হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।