Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০১:০৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জগন্নাথপুরে গণধোলাইয়ের ঘটনার পর পাল্টা মামলা, শিক্ষার্থীসহ ১০ জন আসামি; এলাকায় ক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০১:০৪ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে গণধোলাইয়ের শিকার হওয়া এক ব্যক্তি আদালত থেকে জামিনে বেরিয়ে শিক্ষার্থীসহ এলাকার কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়ভাবে পরিচিত ব্যক্তিও রয়েছেন বলে অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে ভোরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম এলাকার মৃত ছৈদ আলীর ছেলে হোসাইন আহমদ (৪২) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে গণধোলাইয়ের শিকার হন। অভিযোগ রয়েছে, নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বাগময়না গ্রামের মাছুম আহমদের বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন।


স্থানীয়দের দাবি, গণধোলাইয়ের সময় হোসাইন আহমদ সেখানে মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।


এরপর আদালত থেকে মুক্তি পেয়ে হোসাইন আহমদ বাদী হয়ে গত ৪ জুন সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামের জগলু মিয়া, তার ছেলে শিহাব ও শায়েক, একই গ্রামের মৃত আবদুল মনাফের ছেলে সুজন মিয়া, হাড়গ্রামের রাসেল মিয়া ও তোফায়েল আহমদ, ঐহারদাস গ্রামের কবির মিয়া ও জুনেদ মিয়া এবং রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের বাতির মিয়াসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।


এ মামলায় কয়েকজন শিক্ষার্থীকে আসামি করায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, গণধোলাইয়ের ঘটনা ঘটেছে বাগময়না গ্রামে, কিন্তু মামলায় বিভিন্ন গ্রামের শিক্ষার্থী ও নিরীহ মানুষকে জড়ানো হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত।


তবে এ বিষয়ে মামলার বাদী হোসাইন আহমদ বলেন, “আমাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। ন্যায়বিচার পাওয়ার আশায় আমি মামলা করেছি।”


এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মামলাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালত ও তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী কার্যক্রমের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com