Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০১:৩৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জকিগঞ্জের দুই কওমি মাদ্রাসায় কম্পিউটার ল্যাব হবে: ডিসি সারওয়ার আলম

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ১২ জুন ২০২৬ | ০১:৩৯ পূর্বাহ্ন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের আর্থিক সহায়তার চেক, যুব ঋণ, ঢেউটিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে নিতে জকিগঞ্জের দুটি মাদ্রাসায় সরকারি উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সারওয়ার আলম।


বৃহস্পতিবার (১১ জুন) জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও সরকারের কল্যাণমূলক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।


জেলা প্রশাসক বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলা, আরবি ও উর্দু ভাষায় দক্ষ। তাদের প্রযুক্তিগত শিক্ষা ও ইংরেজি জ্ঞানের সুযোগ সৃষ্টি করা গেলে দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। তিনি জানান, সিলেটের হযরত শাহজালাল মাজার মাদ্রাসা থেকে কম্পিউটার ল্যাব কার্যক্রম শুরু হচ্ছে এবং পর্যায়ক্রমে জকিগঞ্জের দুটি কওমি মাদ্রাসায়ও আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।


আবেগঘন বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমি দুটি কারণে জকিগঞ্জকে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রথমত, এটি সিলেট জেলার সবচেয়ে দূরবর্তী ভৌগোলিক এলাকা। দ্বিতীয়ত, এটি ঐতিহ্যবাহী ও আলেম-উলামা অধ্যুষিত একটি পুণ্যভূমি।”


জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভুষণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন গুয়াবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোহাম্মদ মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আহাদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন।


এ ছাড়া সুধী সমাবেশে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা মুখলিসুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হোসেন খান, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রণি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছাব্বির, সেক্রেটারি মাওলানা আলাউদ্দীন তাপাদার, উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে ১৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।


উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের মাধ্যমে স্বাবলম্বী ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মধ্যে ১ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের পুনর্বাসন ও ঘর মেরামতের জন্য ২ লাখ ৪০ হাজার টাকা এবং ৩৩ জন দরিদ্র ব্যক্তির মধ্যে ৩৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করে। :::

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১২.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com