Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ০১:৫১ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ০১:৫১ পূর্বাহ্ন

ঢাকা: সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হুংবোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


বুধবার (১০ জুন) জেনেভায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে মন্ত্রী শোভন কাজ, সামাজিক ন্যায়বিচার ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইএলওর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি বাংলাদেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


মন্ত্রী আইএলওর সামাজিক ন্যায়বিচারের জন্য বৈশ্বিক জোট গঠনের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সংস্থাটির সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।


তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ এখন পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সব মৌলিক আইএলও কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি অর্জন করেছে। একই সঙ্গে তিনি শ্রম খাত সংস্কার, জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠনের অগ্রগতি এবং আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে দায়েরকৃত মামলার ইতিবাচক সমাধানের প্রত্যাশার কথা তুলে ধরেন।


আইএলও মহাপরিচালক গিলবার্ট হুংবো বাংলাদেশের শ্রম খাতের চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতিতে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং সফর বিষয়ে দুই পক্ষের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


মন্ত্রী আইএলও মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং শ্রমিক কল্যাণে গৃহীত উদ্যোগ সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১১.০৬.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com