সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর ফাঁকে মরিশাসে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টা ৩০ মিনিটে জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও মরিশাসের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মরিশাসে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই খুব শিগগিরই একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী Muhammad Reza Cassam Uteem জানান, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে তাঁর দেশ বিশেষভাবে আগ্রহী। বিশেষ করে মরিশাসের টেক্সটাইল শিল্পে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের খসড়া শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে।
অন্যদিকে, বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী Ariful Haque Choudhury বৈঠকের শুরুতে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং দ্রুত MoU স্বাক্ষরের মাধ্যমে শ্রমবাজার পুনরায় চালুর আহ্বান জানান। তিনি টেক্সটাইল ছাড়াও ডাক্তার, প্রকৌশলী, নার্স ও একাউন্ট্যান্টসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এ সময় মরিশাস সরকার বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম।
বৈঠক শেষে উভয় দেশই শ্রমবাজার পুনরায় চালু এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানায়।