কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউআরসি (উপজেলা রিসোর্স সেন্টার) ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে বিভাগীয় বাছাই কমিটির প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ও সদস্য সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত ফলাফলে তাঁকে এ গৌরবময় সম্মাননায় ভূষিত করা হয়।
জানা গেছে, মোহাম্মদ নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেছেন।
শিক্ষা ক্ষেত্রে তাঁর অর্জনের ঝুলিও বেশ সমৃদ্ধ। ২০১২ সালে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর নির্বাচিত হন। ২০১৬ সালে শিক্ষা-সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য তাঁকে শ্রীলঙ্কায় পাঠানো হয়। পরবর্তীতে ২০১৮ সালে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফুল স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ড থেকে এমএসসি ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল বাংলাদেশের প্রাক-প্রাথমিক শিক্ষায় ‘প্লে-বেইজড লার্নিং’-এর ব্যবহার।
এছাড়া তিনি ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি, জার্মানি, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কসহ বিভিন্ন দেশ সফর করেছেন। পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কাতার, জর্ডান ও ভারতও সফর করেন।
তাঁর এই অসাধারণ অর্জনে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে জাতীয় পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ বিষয়ে শুভানুধ্যায়ীরা বলেন, “মোহাম্মদ নজরুল ইসলামের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি দেশের শিক্ষা পরিবারের জন্যও গর্বের বিষয়। তাঁর নিষ্ঠা, কর্মপ্রচেষ্টা ও উদ্ভাবনী উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
প্রতিক্রিয়ায় মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “আমাদের সব অর্জন শিশুদের উদ্দেশ্যে নিবেদিত। মানসম্মত শিক্ষার মাধ্যমে তাদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করাই আমাদের সব প্রচেষ্টার মূল লক্ষ্য।”
সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তিনি জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের শিক্ষা অঙ্গনে আরও উজ্জ্বল ভূমিকা পালন করবেন।